সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক সার ডিলারকে জরিমানা ও অবৈধ সারগুলো জব্দ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের পূর্বপাশে এ অভিযান চালানো হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিসিআইসির সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউন পরিদর্শনকালে বিধিমালা ভঙ্গ করে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে তাৎক্ষণিক সেই সার সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি করা হয় এবং সার ডিলারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আর এধরনের অপরাধ না করার মুচলেকা দেয়ায় ডিলার রেজাউল করিম রঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
