আশরাফ খান কিরণ রংপুর ব্যুরো প্রধান: দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে রংপুর এর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করা গেলে সমাজে ন্যায্যতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। এ ছাড়া, আইনি কাঠামো শক্তিশালীকরণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধিকরণসহ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করতে হবে।
৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, রংপুর দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নুরুল হুদা, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। দুর্নীতিবিরোধী দিবস আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে সততা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দুর্নীতি প্রতিরোধ ও দমনে আমাদের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। এ সময় তরুণ সমাজসহ সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে তিনি আহ্বান জানান।
প্রশাসন জনসেবা সহজীকরণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দাপ্তরিক সেবা অনলাইনে চালু করেছে। পাশাপাশি, অভিযোগ ব্যবস্থাপনাকে জিআরএস সিস্টেমের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রয়োগে তিনি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের প্রতিনিধিসহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে দিবসটি উপলক্ষে রংপুর টাউন হল চত্বর-সংলগ্ন সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
