নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর শান্তিনগর এলাকায় একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মোনাফ। তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক কাজে গত ২৫ ফেব্রুয়ারি তিনি শান্তিনগর স্কয়ার পার্ক এলাকায় বন্ধু তোফায়েল আহমেদের বাসায় ওঠেন। তবে ওই সময় তোফায়েল আহমেদ কক্সবাজারে অবস্থান করছিলেন।
পল্টন থানারর উপ-পরিদর্শক (এসআই) মো. আলিম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাথরুমের দরজা ভেঙে মাইন উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর দেহ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মৃতের পরিবারকে অবহিত করা হয়েছে।
