মেঘলা ট্রান্সপোর্টের ১২ বাস আটক করলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি: ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে বাসের হেলপার ধাক্কা দিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির প্রায় ১২টি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসগুলো নায়েমের গলি এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখে।
কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল এক ছাত্র বাসায় ফেরার জন্য মেঘলা ট্রান্সপোর্টের একটি বাসে ওঠে। পথে বাসের এক যাত্রীর সঙ্গে হেলপারের ঝগড়া বাঁধলে ওই শিক্ষার্থী মধ্যস্থতা করতে গেলে হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হেলপার ধাক্কা দিলে দরজার ধারালো অংশে আঘাত লেগে তার ডান পায়ে গভীর ক্ষত হয়।
শিক্ষার্থীরা দাবি করেন, আহত ছাত্রের পায়ে ৪০টি সেলাই দিতে হয়েছে এবং চিকিৎসকেরা বলেছেন, ক্ষত গভীর হওয়ায় সে প্যারালাইজড হওয়ার ঝুঁকিতেও রয়েছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, “ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ওই ছাত্র তারাপুর থেকে আসার সময় হেলপারের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তার ডান পা কেটে যায়।” তিনি আরও জানান, বিষয়টি ওসিকে অবহিত করা হয়েছে।
ওসি জানান, তিনি ঘটনাস্থলে এসে কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। এদিকে শিক্ষার্থীরা বাস হেলপারের শাস্তি ও আহত ছাত্রের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

