নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধে ২০ কিলোমিটার যানজট
জহিরুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউন এলাকার লারিজ ফ্যাশন লিমিটেডের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে মারা যাওয়ার পর বিক্ষোভে নামে শ্রমিকেরা। সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চার ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্রে জানা যায়, রোববার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সুইং বিভাগে কাজ করার সময় শ্রমিক রীনা (২৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারখানার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও পাঁচ থেকে সাতজন শ্রমিক অসুস্থ হয়ে আশপাশের হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর সকালে সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মদনপুর এলাকায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় স্থায়ী হয়। পরে বন্দর উপজেলা প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক নেতা সালমা বলেন, ‘কারখানায় পর্যাপ্ত ও মানসম্মত ওষুধ নেই। তাছাড়া কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে অশোভন আচরণ করেন।’
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সব দাবি মেনে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

