দুঃসংবাদ পেল রিয়াল বছরের শুরুতেই এমবাপেকে নিয়ে

স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে এর মধ্যে শুধু একটি ম্যাচ খেলেননি। অন্য সব কটি ম্যাচেই নিজেকে নিংড়ে দিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। এভাবে ম্যাচের পর ম্যাচ খেলার নেতিবাচক ফলও পেয়েছেন এমবাপ্পে।

আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করবে দলটি। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির। হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে এই ম্যাচে পাওয়া যাবে না। বুধবার (৩১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুধবার রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস দল আজ (গতকাল) আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার বাঁ হাঁটু মচকেছে।’

২৭ বছর বয়সী এই তারকাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে জানায়নি রিয়াল। তবে এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। লেকিপও জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন এমবাপ্পে। নতুন বছরে এটা অবশ্যই রিয়াল সমর্থকদের জন্য ভালো খবর নয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা এমবাপ্পে চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। লা লিগাতেও এ মৌসুমে তার গোলসংখ্যাই সর্বোচ্চ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের করা ৫২ গোলের ৫৫.৭ শতাংশ গোলই এসেছে এমবাপ্পের কাছ থেকে। এখন তিন সপ্তাহের জন্য ছিটকে পড়া মানে তাকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে পাবে না রিয়াল। ওদিকে লা লিগায় ১৮ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে জাবি আলোনসোর দল।

লা লিগায় আগামী রোববার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে এমবাপ্পেকে পাবে না জাবির দল। ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্প্যানিশ সুপার কাপেও তাঁর খেলা হবে না। এরপর আগামী ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ এবং ২১ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও এমবাপ্পের না খেলার সম্ভাবনাই বেশি।

এমবাপ্পে ঠিক কীভাবে এই চোট পেলেন, তা জানায়নি রিয়াল। ম্যাচের পর ম্যাচ খেলার কারণে তার হাঁটুতে অস্বস্তি অনুভব করা এবং শেষ পর্যন্ত এভাবে চোটে পড়ার বিষয়টি জানিয়েছে লেকিপ। এর আগে ২০২৫ সালটা দারুণ কাটান এমবাপ্পে। ৫৯ গোল করে ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া ক্লাব রেকর্ড। ১৮ মাস আগে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৮৩ ম্যাচে এ পর্যন্ত ৭৩ গোল করেছেন এমবাপ্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *