আল-নাসরের টানা জয়ের রেকর্ড রোনালদোর গোলে

স্পোর্টস ডেস্কঃ সৌদি প্রো লিগে টানা জয়ের রেকর্ড গড়েছে আল নাসর। শনিবার (১১ এপ্রিল) আল-আখদুদকে ২-০ গোলে হারিয়েছে তারা। আল নাসরের হয়ে স্কোরশিটে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স।

প্রো লিগের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি লিগে আল-নাসরের টানা ১৪তম জয়। এর মাধ্যমে তারা ২০১৩-১৪ মৌসুমের নিজেদের আগের রেকর্ডটি টপকে গেল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ১৫ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন রোনালদো। চলতি মৌসুমে এটি তার ২৪তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা আল আহলির ইভান টোনি থেকে তিনি আর মাত্র ৩ গোল পিছিয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

এরপর ম্যাচের ৪৭ মিনিটে আল নাসরের হয়ে গোলের দেখা পান জোয়াও ফেলিক্স। কিংসলে কোম্যানের জোরালো হেডার পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন এই পর্তুগিজ তারকা।

এই জয়ে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়াল পাঁচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *