কমলো স্বর্ণের দাম: ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরের শুরুতেই দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম),

২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ গত বছরের ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

নতুন দরে,

২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৩০৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৫৪৯ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩৮৩ টাকা

চলতি বছরে এটিই দেশের বাজারে রুপার প্রথম দাম সমন্বয়। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *