জয়পুরহাটে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করেছে নেতা-কর্মীরা।
রোববার শহরের আবুল কাশেম ময়দানে বিকেল ৫টায় এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তৃতা করেন, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন, সদস্য সচিব হাসানুল বান্না হাসান সহ অন্যরা।
বক্তারা বলেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে বহিস্কৃতরাই নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তে সেই নেতৃত্বকেই দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। কর্মসূচি থেকে তারা এ বহিষ্কারের প্রত্যাহার দাবি করেন। দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অনশন চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এসে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করেন।
জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান বলেন, কেন্দ্র থেকে আমাদের আশ্বস্ত করেছেন। তারা সুশৃঙ্খলভাবে থাকলে অচিরেই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হবে।
উল্লেখ্য, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, শহর ও একটি কলেজ শাখার ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ শাস্তি দেয়া হয়।
