হাম-উপসর্গে মৃত্যু ৮৭৩ শিশুর, আক্রান্ত আরও ১,০৬৩

বিটিএন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ছয় শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৮৮ শিশু। একই সময়ে ৯৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *