চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
