নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আব্দুর রহিম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিম (৭৫) কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বলাইশিমুল (চকপাড়া) গ্রামের বাসিন্দা। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হন তিনি।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বলাইশিমুল চকপাড়া গ্রামের একটি গোষ্ঠীর সঙ্গে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা নিয়ে আব্দুর রহিমের মধ্যে বিরোধ ছিল। গত বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের রাস্তায় এক কিশোর অন্য এক নারীর শরীরে ঠেলাগাড়ি লাগিয়ে দেয়। ওই বিবাদমান দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরিবারের অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরই আব্দুর রহিম স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে আব্দুর রহিমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখানেই মারা যান তিনি।
আব্দুর রহিমের ছোট ভাই আবু সাদেক বলেন, আমার ভাই নামাজ পড়তে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা করে এবং তাকে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদ বলেন, এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
