জামালপুরে তিন হাজার লিটার পেট্রলসহ জামালপুরে আটক ১১

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। জব্দ হওয়া এসব তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ভাষ্য স্থানীয়দের।

বুধবার (২৫ মার্চ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর থানার ওসি মিজানুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ড্রামভর্তি তেল জব্দ করা হয়।

আটকরা হলেন— জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫) মো. সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়—মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ১১ জনকে আটক করা হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ১১ জনকে আটক করা হয়। খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। আর তেলগুলো পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *