বিটিএন ডেস্কঃ প্রাথমিক শিক্ষায় ক্রীড়াচর্চা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এসব ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার— সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এই সাতটি ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
