আগামী ৭দিন চলবে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

বিটিএন ডেস্কঃ রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম চলমান থাকবে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

মন্ত্রী বলেন, ‘আমরা এখন আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকাকে অগ্রাধিকার দিয়েছি। এই এলাকার সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে। যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, এই উদ্যোগের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

ব্যবস্থার ধরন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে এবং ত্রুটি সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি বা শর্ত পূরণ না করলে লাইসেন্স নবায়ন করা হবে না এবং প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

এই কার্যক্রম শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশেই ধাপে ধাপে পরিদর্শন চালানো হবে বলেও জানান তিনি।

ইতিমধ্যেই মঙ্গলবার (২৪ মার্চ) সকাল দশটায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে এই তদারকি কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে টিজি হাসপাতালে গিয়ে দেখা মেলেনি কোনো দায়িত্বরত চিকিৎসকের। এমনকি রোগীদের ব্যবস্থাপত্রেও পাওয়া যায়নি কোনো চিকিৎসকের স্বাক্ষর। অথচ হাসপাতালটির এনআইসিইউতে ৪টি শিশু ভর্তি রয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক।

অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে এসব রোগী ভাগিয়ে আনা হয়েছে। এছাড়া, অতিরিক্ত বিল আদায় ও নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *