এখনো শোকজের জবাব দেয়নি আদ্-দ্বীন, মন্ত্রীর হুঁশিয়ারি ‘কোনো ছাড় নয়’

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর আদ্ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব এখনো দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হবে আজ (রোববার) বিকেল ৫টায়। দুপুর ১২টা পর্যন্তও নোটিশের জবাব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে আদ্ দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, আমরা এখনো শোকজ নোটিশের জবাব দেইনি। দিলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। নোটিশের জবাব দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এদিকে গতকাল (শনিবার) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না এ মর্মে ৭২ ঘণ্টা সময় বেঁধে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যা সম্পূর্ণ আইন অনুযায়ীই হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল স্থাপনা-সংক্রান্ত বিধিমালা, আইনের বিভিন্ন ধারা এবং প্রাসঙ্গিক বিধিবিধান পর্যালোচনা করে সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, হাসপাতালটির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আদ্-দ্বীন তিন বছর ধরে অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির এক সংবাদ সম্মেলনে বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে তা বেআইনি। তবে এ দাবির জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশ আইন অনুসারেই জারি করা হয়েছে। কোনো চ্যালেঞ্জ ছুড়ে লাভ নেই। নোটিশটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। ছয় নবজাতকের মৃত্যু গুরুতর ঘটনা। এ ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *