দিনাজপুর প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক ‘গোর-এ শহীদ’ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। তবে শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্য বছরের তুলনায় কিছুটা কম ছিল।
গোর-এ শহীদ ময়দানে এবার ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি কামনা করে দোয়া করা হয়।
দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মুসল্লী শওকত হোসেন বলেন, ছোট বেলা থেকেই এই ঈদগাহে নামাজ আদায় করে আসছি। রাতে বৃষ্টিতে মনটাই খারাপ হয়েছিল। কিন্তু সকাল কিছুটা আবহাওয়া ভালো হওয়ায় এখানে নামাজ আদায় করতে পেরে বেশ ভালো লাগছে।
দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নামাজ আদায় করতে আসেন অনেক মুসল্লী। অনেক পথ পাড়ি দিয়ে এসে বৃহৎ জামায়াতে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিকূল আবহাওয়ার পরেও বৃহৎ এই জামাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে তারা।
উল্লেখ্য, প্রায় ২২ একর আয়তনের এই ঐতিহাসিক ময়দানে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত হয়ে আসলেও ২০১৭ সালে আধুনিক ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণের পর থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিতি পায়।
