মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ দেশের দক্ষিণবঙ্গের একমাত্র প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকা হয়ে এবছর কোনো প্রকার ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়াই ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। ইদুল ফিতর- এ ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে পদ্মা সেতুর এলাকা। গত কাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতি বার সকাল সাড়ে আট টা পর্যন্ত ৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ ৫০ টাকা।
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সেতু ব্যবহার করে ২১ জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। দ্রুত টোল আদায় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
দেখা গেছে, দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। ফলে যানবাহনগুলো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু পার হতে পারছে।
