৬ কোচের ৫ জনই একই প্রদেশের, বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের আধিপত্য

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি ৬টি দেশ আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আসন্ন এই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। অবশ্য এখন পর্যন্ত ৪২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আর অবাক করা ব্যাপার হলো, এই ৪২ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। সেই ৬ জনের মধ্যে আবার পাঁচজনের জন্ম আবার একই প্রদেশে!

আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে ফুটবল খুবই জনপ্রিয়। সেই প্রদেশ থেকেই বেশ কিছু কিংবদন্তি পেয়েছে আর্জেন্টিনা। এই প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।

অতীতেও আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশ থেকে উঠে এসেছে অনেক কিংবদন্তি কোচ। আর্জেন্টিনাকে ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতানো প্রয়াত কোচ সিজার লুইস মেনোত্তির জন্মস্থান রোজারিওতে। আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির জন্মও এই প্রদেশের পুহাতো শহরে।

আগামী বিশ্বকাপে কলম্বিয়া ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। সেই দলের কোচ আর্জেন্টিনার নেস্তর লরেঞ্জো। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, যুক্তরাষ্ট্রের কোচ মারিসিও পচেত্তিনো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি— এই ৬ জনের মধ্যে কেবল কলম্বিয়ার কোচ লরেঞ্জোর জন্মই বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়। তাছাড়া বাকি পাঁচ জনের জন্মই আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *