২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ক্ষেতলাল উপজেলার বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আটকরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) ও রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩৪)।

ওসি আসাদুজ্জামান জানান, জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলটিকে সন্দেহভাজন মনে করে আটক করেন। এরপর তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন। উদ্ধারকৃত গাঁজা বহনকারী দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে ডিবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *