বিটিএন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসির বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার অনুমোদন আর লাগবে না। পরিচালনা পর্ষদে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় ব্যাংকটি এই সুবিধা পাচ্ছে।
বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ব্যাংকটির মোট ২ দশমিক ৪২ শতাংশ শেয়ার ধারণ করেন। ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৩১ শতাংশে।
ব্যাংকটি আরও জানায়, আসিফ রহমানের পরিচালক পদটি ২৯ জুলাই ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্বল্প সময়ের জন্য শূন্য ছিল এবং তিনি অন্তর্ভুক্ত হওয়ার পরই পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য বড়ো অংকের স্টক লভ্যাংশের সুপারিশ করেন।
আসিফ রহমানের ব্যক্তিগত ২ দশমিক ৪২ শতাংশ শেয়ার এখনও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।
এছাড়া তার অন্তর্ভুক্তির পর ২৯ এপ্রিল ব্যাংকটির মোট পরিচালনা পর্ষদের শেয়ার ধারণের পরিমাণ পুনরায় ৩০ দশমিক ৫৩১ শতাংশে পৌঁছায়।
এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের ন্যূনতম সম্মিলিত শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ঘোষণার জন্য ব্যাংকটিকে এখন আর বিএসইসির পূর্বানুমতি নিতে হবে না।
ব্যাংকটির দেওয়া তথ্যমতে, এখন থেকে ব্যাংকটি বিএসইসির পূর্বানুমতি ছাড়াই স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার পর বিএসইসির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ঘোষিত লভ্যাংশ বিতরণ করার সুযোগ পাবে।
উল্লেখ্য, ২০২৫ সালে ব্যাংকটি ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
