গাজী মোবারক, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রান্না ঘরের চুলার পাইপ লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরে জমা হওয়ায় সকাল বেলা আগুন জারাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুসহ একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর বিসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।
তাদের প্রতিবেশী সবিনয় দাস বলেন, বাড়িটির নিচ তলায় ওই পরিবারটি বসবাস করতো। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ছোট্ট রুমে গ্যাস সিন্ডার রেখে রান্নাবান্না করতো যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাতে রান্না শেষে আবার ভোরে ঘুম থেকে উঠে আগুন জ্বালাতেই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়লে রুমে থাকা সবাই জ্বলসে যায়।
