সেরার লড়াইয়ে নভেম্বরের তাইজুল

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের দৌড়ে তাইজুল ইসলাম। বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই ব্যক্তিগত পুরস্কার জয়ের সামনে তিনি। এবারো তিন স্পিনারের লড়াই হবে। তার লড়াই দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়। ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি।

ওপেনিং টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নওয়াজ। ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট।

টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নওয়াজ, হন সিরিজ সেরা।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান দুইবার, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবার দেখার অপেক্ষা, সেই তালিকায় তাইজুল যোগ দিতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *