সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়িসহ ৮ জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজের সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ হওয়া ভারতীয় পণ্যের মূল্য আনুমানিক ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা।
আটকরা হলেন— নারায়ণগঞ্জের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, আজিম উদ্দিন মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও মো. স্বপন মোল্লা, মৃত রবিউল ইসলামের ছেলে মো. তামিম, সিলেটের নুর আহমেদের ছেলে মো. আলমগীর হোসেন, হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ ঠাকুরগাঁওয়ের মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম এবং কুড়িগ্রামের মৃত আব্দুল বাড়ীর ছেলে মো. রুবেল সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫) ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২) তল্লাশি করে সীমান্তবর্তী এলাকা থেকে পাচার হওয়া এবং সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে জব্দ হওয়া ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করা হয় এবং গাড়ির দুই চালকসহ মোট ৮ জনকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে থানা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
