সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুই মামলায় গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন এবং উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে তাদের আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ঢাকা পোস্টকে বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের ব্যাখা সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগে আজাদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পৃথক আরেকটি মামলাও রয়েছে। এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গ্রেপ্তারের পর জেলা বিএনপির এই শোকজ নোটিশকে ঘিরে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
