সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে, সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে। পাশাপা‌শি মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার (১৬ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সে‌মিনা‌রে বক্তারা এ কথা ব‌লেন।

‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই) : ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ – শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

তি‌নি ব‌লেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, বিনিয়োগে মন্থরতা, জ্বালানির অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

তাসকীন আহমেদ ব‌লেন, প্রচলিত সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো স্বল্পমেয়াদে অর্থনীতির প্রকৃত অবস্থা ও তাৎক্ষণিক পরিবর্তনের সঠিক প্রতিফলন দিতে পারছে না। এ কারণে ডিসিসিআই ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ চালু করেছে, যা নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের বাস্তব পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

তিনি জানান, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনায় তথ্যের ঘাটতি পূরণ এবং অর্থনীতির পরিবর্তন মূল্যায়নে ত্রৈমাসিক ভিত্তিতে ইপিআই গবেষণা পরিচালনা করা হয়েছে।

গবেষণায় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর সময়কালের তথ্য ব্যবহার করা হয়েছে। এতে উৎপাদন ও সেবা খাতের মোট ৭৬২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে উৎপাদন খাতের ৩৩০ জন এবং সেবা খাতের ৪৩২ জন অংশ নেন।

গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিখাতে খাদ্য উৎপাদন কমছে। জ্বালানি সংকটে শিল্পখাতে উৎপাদন স্থবির হয়ে পড়েছে এবং মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় সেবা খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

পরিস্থিতি উত্তরণে বাজারমূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, এসএমই উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ সুবিধা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন এবং বন্দরগুলোতে পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ করা হয়।

পাশাপাশি ভ্যাট হার কমানো ও লাইসেন্সিং সেবায় হয়রানি কমানোর ওপর জোর দেওয়া হয়।

সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *