রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল ১১টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির আয়োজন করেছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে সাধারণ মতামত গ্রহণ করে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয়। কিন্তু তারপরও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
এই পরিস্থিতিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আজকের বৃহৎ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র আওতাধীন সাত কলেজের সব শিক্ষার্থীকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
