স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গণে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা যায় পাকিস্তান ক্রিকেটে। ম্যান ইন গ্রিনদের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা- সবকিছুতেই বাড়তি নাটকীয়তা আর চাঞ্চল্য থাকে। এবার তেমন কিছুরই যেন দেখা মিলছে বাংলাদেশেও। খেলা দিয়ে যতটা না আলোচনা তারচেয়ে বেশি আলোচনা খেলার বাইরের বিষয় নিয়ে। তখন এই পরিস্থিতিকে ‘সার্কাস’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভাইরে ভাই। যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২০০০ টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার সেই টিকিট বৃথা যাবে না।’
সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে আপনি না জানলেও মিডিয়ারা আপনাকে জানিয়ে দেবে। আর এমন ভাবে ঢোল পিটিয়ে জানাবে, আপনি যদি জানতে নাও চান তাও আপনি জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে, জানি না। ক্রিকেট তো এখন আর নেই। সার্কাস আছে। সার্কাসটা দেখতে সবার কাছে অনুরোধ।’
আফতাব আহমেদ বলেন, ‘আমেরিকায় আজ তিন বছর আছি। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা আসলে কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে কাজ করছি প্রত্যেক দিন। এটা হয়তোবা আপনারা বলতে পারেন আমার ব্যর্থতা। তাই আমি জানি না।
উল্লেখ্য, গেলো দেড় বছরে ৩ জন সভাপতি পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের ৫ই আগস্টের পর দায়িত্ব নেন ফারুক আহমেদ। তার কাউন্সিলরশীপ কেড়ে নিয়ে বোর্ড থেকে বিদায় করা হয়। এরপর টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসে একগাদা অনিয়মের নির্বাচনে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে এই দফায় কোনো ঘরোয়া লিগ আয়োজন করতে পারেননি তিনি। ঢাকার শীর্ষ ক্লাবগুলো তার বিপক্ষে বয়কটের অবস্থান ধরে রেখেছিল। শেষ পর্যন্ত তদন্তে নির্বাচনে নানা অনিয়ম প্রমান হওয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে গতকাল দায়িত্ব নিয়েছে।
