রিপোর্ট : সাইদুল ইসলাম (মাসুম)
একটি গ্রামের মেয়ের সঙ্গীতযাত্রার গল্প। তার বাবা একজন লোকশিল্পী।
বাবার কাছ থেকেই দোতারা আর গান শেখা। তার কণ্ঠে গ্রামের মাটির গন্ধ, কিন্তু হৃদয়ে শহরের স্বপ্ন। পরিবারের আপত্তি আর সমাজের বাঁধা পেরিয়ে সে বাবাকে রাজি করিয়ে শহরে আসে নিজের কণ্ঠকে বড় মঞ্চে তুলে ধরতে।
শহরের ব্যস্ত জীবনে সে শুরু করে নতুন সংগ্রাম, নিজের জায়গা করে নেয়ার লড়াই। তার গান সংগীত পরিচালকের কানে পৌঁছে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার খ্যাতির পথচলা। সে ধীরে ধীরে হয়ে ওঠে দেশের জনপ্রিয় রক স্টার।

তবে খ্যাতির আলোতেও তার ভেতরে জাগে প্রশ্ন…
সে কি নিজের শেকড়কে ভুলে যাচ্ছে, নাকি সেই সুরের ভেতরেই খুঁজে পাচ্ছে নিজের সত্য পরিচয়?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা “সাইলেন্স: এ মিউজিক্যাল জার্নি”। যে চলচ্চিত্রটি বর্তমানে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে এবং চলচ্চিত্রপ্রেমী ও সংগীত অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গুণী এই শিল্পীর পরিচালনায় অভিষেক হওয়া এই চলচ্চিত্রটি একটি মিউজিক্যাল ড্রামা, যার গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক বাউল ঘরের মেয়ের সংগীত যাত্রাকে কেন্দ্র করে। ফোক গান গেয়ে যিনি খ্যাতী অর্জনের আশায় শহরে আসেন, কিন্তু জৌলুস ও প্রতিযোগিতার ভিড়ে তার ভেতরের গানের আসল সত্তাটি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে।
পরিচালক ইমন সাহা এই ছবিতে জাগতিক জীবনের লোভ এবং আধ্যাত্মিক আত্ম-অনুসন্ধানের মধ্যকার সূক্ষ্ম সম্পর্ককে শৈল্পিকভাবে তুলে ধরেছেন, যা দর্শকদের একটি নতুন ধারার গল্পের স্বাদ দিচ্ছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা, যার মধ্যে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার এবং শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। এই তারকার সমাবেশ ছবিটির গল্পের গভীরতাকে আরও ফুটিয়ে তুলেছে। এছাড়াও সিনেমাটিতে কন্ঠ শিল্পী হিসেবে প্লেব্যাক করেছেন কন্ঠশিল্পী বর্ষা আচল, কোনাল, কিশোর দাশ, শাহরিম মিম ও সুমন রায়।

দেশের আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী, বগুড়া মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়া স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সহ দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। পোস্টারের মাধ্যমে দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই বিশেষ সুযোগটি হাতছাড়া না করেন।
সুরকার থেকে সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইমন সাহার এই নতুন যাত্রা এবং একঝাঁক প্রতিভাবান তারকার উপস্থিতি ‘সাইলেন্স’ চলচ্চিত্রটিকে চলতি বছরের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
