শিবগঞ্জে লবিং-গ্রুপিংয়ের কারণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ভণ্ডুল

 

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান লবিং-গ্রুপিংয়ের কারণে ভণ্ডুল হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বক্তব্য পর্ব শুরু হলে উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বক্তব্য দিতে বাধা দেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেন বলেন, “দীর্ঘদিন পর উপস্থাপকের ঘোষণার ভিত্তিতে বক্তব্য দিতে মঞ্চে উঠলে শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু ও তরিকুল আলমসহ কয়েকজন আমাকে বাধা দেন।”

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, “মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তের বাইরে জুবায়ের হোসেনের নাম ঘোষণা করা হলে তাকে বাধা দেওয়া হয়েছে। কোনো গোলমাল করা হয়নি। আগে থেকেই কারা বক্তব্য দেবেন তা নির্ধারিত ছিল।”
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, “বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *