লক্ষ্যবস্তুতে হামলা ইরানে ১৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (৭ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি’।

এ বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *