চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে একই এলাকায় পৃথক দুই অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান, রিভলবার ও গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব-৭। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে রাউজান থানার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহামুদুর রহমান ওরফে মাহমুদের বসতবাড়ির পূর্ব পাশের খালি জমিতে খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও ১২ বোরের দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একই গ্রামে আরেকটি অভিযান চালায় র্যাব-৭। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি লাল রঙের শপিং ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও ১২ বোরের দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি মো. আলম ওরফে আলম ডাকাতের বসতবাড়ির পাশের ঝোপঝাড় এলাকা বলে জানায় র্যাব।
সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে চট্টগ্রামের রাউজানে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। নোয়াপাড়া, নোয়াজিশপুরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
