নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহাবুব পাপ্পু (৩৬), তুলি বেগম (২৮), হেলাল (২৪), সিফাত (১৯), ইমন হোসেন (১৯), সুজন (৪২), আলী হোসেন (৩২), আসাদুল (২৪), নজরুল ইসলাম (২৪), ফজলে রাব্বী (৩০), হারুন অর রশিদ (৭৪), মোর্সেদা খানম ও সাখওয়াত হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরোনো মামলার আসামি, তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
