যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৮টার নাভারণ-সাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশে তোজাম্মেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তারও মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *