যশোরের কেশবপুর উপজেলায় জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি, আটক ৬

যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় র‌্যাব-৬ (সিপিসি-৩) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। এ ছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *