রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌর এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে নারী ও খদ্দেরসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর থানা পুলিশের একটি বিশেষ দল স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার একটি নির্দিষ্ট ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৯ জন নারী ও ১ জন পুরুষ সহ ১০ জনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের মধ্যে দু’জনকে এ কার্যক্রমের মূল সংগঠক হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা স্বীকার করেছে, বিভিন্ন এলাকা থেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে নারী সংগ্রহের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করত এবং মোবাইল ফোনের মাধ্যমে খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। পুলিশ আরও জানায়, অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের টার্গেট করার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
