মানতেই হবে পরীক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০নির্দেশনা

বিটিএন ডেস্কঃ আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যদিও এখনো বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে।

নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে অংশ নিতে হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ঘণ্টা ৩০ মিনিটে। অন্যদিকে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা একই সময়ের মধ্যে নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

বৃত্তির জন্য বিবেচিত হতে হলে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে এবং মেধাতালিকায় ছাত্র-ছাত্রী সমান হারে (৫০ শতাংশ করে) নির্বাচিত হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

নীতিমালায় পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।

উত্তরপত্রের ওএমআর অংশে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং ইনভিজিলেটরের স্বাক্ষর ছাড়া উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্রে কোনো প্রকার ব্যক্তিগত তথ্য বা সাংকেতিক চিহ্ন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

খসড়া লেখার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না; উত্তরপত্রেই তা করতে হবে এবং পরে কেটে দিতে হবে। প্রশ্নপত্র পাওয়ার এক ঘণ্টার আগে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। পরীক্ষা শেষে ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়েই হল ছাড়তে হবে।

পরীক্ষা চলাকালীন আচরণবিধি:

পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা, প্রশ্নপত্র বা কাগজ আদান-প্রদান, অন্যের উত্তরপত্র দেখা বা দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা যাবে না এবং উত্তরপত্রের কোনো অংশ পরিবর্তন বা নষ্ট করা যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *