মাদারীপুর,জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পটুয়াখালী থেকে আসা একটি তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
