মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থা অবিলম্বে বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা-আক্রমণের ফলে এ অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ইতিমধ্যে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধাবস্থা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়।

জ্বালানি সংকটের কারণে দেশের জনজীবনে সৃষ্ট চরম ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জ্বালানি সংগ্রহের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পূর্ণরূপে চালু হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।’ তিনি সতর্ক করেন যে, এই সংকট কৃষি, উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি ইন্টারনেটের গতিকেও ক্ষতিগ্রস্ত করবে।

বিরোধীদলীয় নেতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না। কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করুন।’

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরও বলেন, ‘এটি রাজনৈতিক পয়েন্ট-স্কোরিংয়ের সময় নয়, বরং ঐক্যের সময়। জনগণের স্বার্থে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *