ভোট দিলেন তামিম, চলছে বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্কঃ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বোর্ড নির্বাচন শুরু হয়েছে। তবে ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট পর প্রথম ভোটটি পড়ে।

নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে তিনি সকাল ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিসিবি নির্বাচনে এবার ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই মূল আলোচনা চলছে। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এদিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *