বিনোদন ডেস্কঃ ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’-এর মঞ্চ থেকে একঝাঁক তরুণ প্রতিভাবান শিল্পী উঠে এসেছিলেন। তাদের কথা নিশ্চয়ই মনে আছে গানপ্রিয় শ্রোতাদের। ওই আসরের অন্যতম প্রতিযোগী মেহরাব। স্বতন্ত্র গায়কী ও বৈচিত্র্যময় পরিবেশনা দিয়ে সবার নজর কেড়েছিলেন। এরপর থেকে গানেই আছেন এ তরুণ।
মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন মেহরাব। সেটা কাটিয়ে এখন গানে সরব তিনি। নিয়ে আসছেন নতুন গান ‘ভালোবাসতে কি ভুল হয়’। এর কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব নিজে। আর সংগীতায়োজন করেছেন আদিব কবির।
প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম আবেগকে প্রাধান্য দিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। ভিডিওতে আছেন মেহরাবও।
নতুন গানটি নিয়ে মেহরাব বলেন, “ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভুল হয়’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সুর ও গায়কীতেও সেই আবেগটুকু তুলে ধরতে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।”
১১ জুন ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত করা হবে।
