আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার খবর পাওয়া গেছে, যা আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলেছে।
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
একই সময়ে বাহরাইনে অবস্থিত আরেকটি বড় অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’-এ হামলার ঘটনা ঘটেছে। সেখানেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে।
কুয়েতেও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হানায় বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ওমানের দক্ষিণাঞ্চলের সালালাহ বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমায় কয়েক ঘণ্টার মধ্যে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিশ্লেষকদের মতে, এসব হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং জ্বালানি ও শিল্প খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
