বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক কুড়িগ্রামে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বুধবার কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।

আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

পুলিশ জানায়, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী।

ডিবি জানিয়েছে, বুধবার দুপুরে জেলা শহরের কলেজমোড় এলাকায় একাধিক জায়গায় হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে থানা-পুলিশ ও ডিবি অভিযান চালায়। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার সাঁটানোর দায় স্বীকার করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। তারা ঢাকায় অবস্থানকালে এই সংগঠনের প্রচারণার কাজ করছিলেন। ঘটনাস্থল থেকে পোস্টারগুলোও সরিয়ে ফেলা হয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পোস্টার সাঁটানোর কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *