নিজস্ব প্রতিনিধিঃ পুঁজিবাজারে কার্যক্রম জোরদার করতে নিজেদের সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে উত্তরা ব্যাংক পিএলসি। ব্রোকারেজ হাউজে ব্যাংকটি রাইটস শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা অনুমোদিত রাইটস অফারে অংশ নিয়ে এই বিনিয়োগ করবেন। এরই মধ্যে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদিত হয়েছে।
অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ব্রোকারেজ হাউজটির প্রতিটি বিদ্যমান শেয়ারের বিপরীতে চারটি রাইটস শেয়ার ইস্যু করা হবে। এতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ধরে মোট ২০০ কোটি টাকা নতুন পরিশোধিত মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ১৯২ কোটি টাকার জোগান দেবে উত্তরা ব্যাংক নিজেই। বাকি ৮ কোটি টাকা বিনিয়োগ করবেন ব্যাংকের সংখ্যালঘু ছয়জন বিনিয়োগকারী ব্যক্তি।
বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
