টানা কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। এতে শঙ্কিত হচ্ছেন চরাঞ্চলের কৃষকরা। পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছের তারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৫ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। এ পয়েন্টে সোমবার ১৩ ও মঙ্গলবার ১২ সেন্টিমিটার করে পানি বেড়েছে।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। এ পয়েন্টে সোমবার ১৩ ও মঙ্গলবার ১৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের নূরুল হুদা, আব্দুর রাজ্জাক,আব্দুল খালেক ও বাবুল হোসেনসহ একাধিক কৃষক বলেন, আমরা শীতকালীন সবজির আবাদ শুরু করেছি। সবজির চারা বড় হতে শুরু করেছে। এ অবস্থায় যমুনার পানি বাড়ছে। আমরা শঙ্কায় রয়েছি আরও পানি বাড়লে সবজি ক্ষেত প্লাবিত হয়ে চরম ক্ষতি হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আরও দুই/একদিন পানি বাড়তে পারে। তবে এতে বিপৎসীমা অতিক্রমের কোন আশঙ্কা নেই।
