বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটক, দলীয় পদ থেকে বহিষ্কার

বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

রহমতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. নিজাম হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বরিশাল জেলা কার্যালয়ের একটি টিম বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এনামুলের নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হাওলাদার ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি তার বাড়ির দোতলায় বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তার বাড়িতে এসে ইয়াবা কিনতেন। পরিবারের সদস্যরা একাধিকবার বাধা দিলেও তিনি এই অবৈধ কার্যক্রম বন্ধ করেননি।

অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনতে যান। পরে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এনামুলের ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে তাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কার্যক্রমে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *