ফেনীতে গ্রাফিক্স ডিজাইন শিখে ছাপাতেন জাল নোট, বাজারে গিয়ে ধরা

ফেনী প্রতিনিধিঃ গ্রাফিক্স ডিজাইন শিখে জাল নোট তৈরি ও বাজারে ব্যবহার করার অভিযোগে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও তৈরি করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফেনীর রানিরহাটে এক যুবক জাল টাকা দিয়ে কেনাকাটা করছেন, এমন অভিযোগে স্থানীয়রা ফারুককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারুক জেলার দাগনভুঞা উপজেলার মুন্সীরহাট বাজারের ‘পিক অ্যান্ড পে’ নামের একটি দোকানে বসে জাল নোট তৈরি করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভুঞার রাজাপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। চাকরি না পাওয়ায় গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছেন এবং পরে প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন। কাজের ফাঁকে ইউটিউব ও ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি শিখে স্বল্প সময়ে এ কাজে জড়িয়ে পড়েন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ‘ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফারুক জাল নোট তৈরি করে মজুত রেখেছিলেন। ঈদের বাজারে জাল টাকার বিস্তার রোধে পুলিশ তৎপর রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *