‘ফিনালিসিমা’ ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে

স্পোর্টস ডেস্কঃ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ‘ফিনালিসিমা’ ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর্জেন্টিনা ও স্পেন ভেন্যু নিয়ে একমত হতে না পারায় ম্যাচটি বাতিল বা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথমে ম্যাচটি কাতারের দোহায় আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আয়োজকরা বিকল্প ভেন্যুর খোঁজ শুরু করেন। পরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে স্পেনের ফুটবল ফেডারেশন ও রিয়াল মাদ্রিদের সমর্থনও ছিল।

কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ পরিকল্পনা নাকচ করে দিয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া স্প্যানিশ গণমাধ্যমকে জানান, তিনি ম্যাচটি বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করতে চান। তার মতে, স্পেনে ম্যাচ হলে স্বাগতিকরা বাড়তি সুবিধা পাবে।

তাপিয়া বলেন, স্পেন চায় ম্যাচটি তাদের দেশেই হোক, আর তিনি চান এটি মনুমেন্টালে অনুষ্ঠিত হোক।

বর্তমানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে —বার্নাব্যুতে ম্যাচ আয়োজন, লিসবন বা রোমের মতো অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া, অথবা ম্যাচটি পরবর্তী কোনো তারিখে স্থগিত করা। তবে এত অল্প সময়ের মধ্যে ফাঁকা স্টেডিয়াম পাওয়া কঠিন হওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের ভেতরে এমন ধারণাও রয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচটি খেলতে খুব একটা আগ্রহী নয়।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। কিন্তু মিশরের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি হবে কি-না, সেটিও এখন অনিশ্চিত।

এই কারণে মার্চের আন্তর্জাতিক বিরতিতে ফাইনালিসিমা না হলে বিকল্প হিসেবে নতুন দুই প্রতিপক্ষ খুঁজছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *