ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুর্বৃত্তদের হামলায় উৎপল সরকার (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ভ্যানচালককে চোখ বেঁধে একটি সেতুর সঙ্গে বেঁধে রেখে যায়।

আজ শুক্রবার ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত মরদেহটি দেখে পুলিশে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত উৎপল সরকার ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে। তার স্ত্রী ও আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

সালথা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয়রা সড়কের পাশে ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। সেখানেই একটি সেতুর সঙ্গে একই গ্রামের ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বাঁধা অবস্থায় বেঁধে রাখা ছিল।

পরে ভ্যানচালক ফিরোজ মোল্লা স্থানীয়দের কাছে ভোরে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন।

রনকাইল গ্রামের বাসিন্দা কাজী শাহীন ভ্যানচালকের বরাত দিয়ে বলেন, নিহত উৎপল সরকার একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালক ফিরোজকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে রাখে। পরে উৎপলের সঙ্গে থাকা টাকা-পয়সা লুট করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কে. এম. মারুফ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ জন দুর্বৃত্ত এ হামলায় জড়িত। তবে এটিকে ডাকাতি বলা যাচ্ছে না। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এসে দেশীয় অস্ত্রের মুখে ভ্যানটিকে থামায়। এরপর ভ্যানচালকের চোখ বেঁধে একটি সেতুর সঙ্গে বেঁধে রেখে উৎপলকে কুপিয়ে তার টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *