বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দিতে প্রবাসীদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৭০ হাজার ৫৪২ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৪৫ হাজার ৫১৭ ও নারী ২৫ হাজার ২৫ জন।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত এই তথ্য ইসির পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে ৯ ডিসেম্বর থেকে।
এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। নিবন্ধন শুরু হয় ১৯ নভেম্বর এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধনকারীরা যে দেশে থাকেন, সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, অস্ট্রেলিয়া, হংকং, আফ্রিকার বিভিন্ন দেশসহ মোট ৪০টির বেশি দেশ।
ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফেরত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ইসি ৫০ লাখ প্রবাসী ভোট টানার লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
